নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বক্সীরহাট :: শনিবার ১৮,এপ্রিল :: নদীতে যন্ত্রাংশের ব্যবহার করে অবাধে বালি-পাথর পাচারের কারবার চলছে সংকোশ নদীকে কেন্দ্র করে। অবৈধ খননে ক্রমাগত নদীর পাড় ভাঙার পাশাপাশি নদীর গতিপথ বদলের আশঙ্কা করছেন স্থানীয়রা।
অভিযোগ, বিষয়টি প্রশাসনের নজরে আনা হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ, অবৈধ কারবারের সাথে স্থানীয় প্রভাবশালীদের নেতাদের মদত রয়েছে। শনিবার গ্রামবাসীদের একাংশ জড়ো হয়ে অবৈধ খননের প্রতিবাদ জানাতেই পালিয়ে যায়
কারবারিরা।
পরে ঘটনাস্থলে পৌঁছে খননের কাজে ব্যবহৃত একটি পকলিন আটক করেছে বক্সিরহাট থানার জোড়াই ফাঁড়ির পুলিশ। তুফানগঞ্জ-২ ব্লকের ফলিমারি গ্রাম পঞ্চায়েতের উত্তর ফলিমারি এলাকার ঘটনা।
বাসিন্দাদের অভিযোগ, গ্রাম পঞ্চায়েত কার্যালয় সংলগ্ন প্রকাশ্য দিবালোকে পাম্পসেট ও পকলিন যন্ত্রাংশের ব্যবহারে সংকোশ নদী থেকে নিরন্তর বালি-পাথর তুলে তা ট্র্যাক্টরে করে পাচার চলছে। পাড় ভাঙ্গনে জর্জরিত ফলিমারি গ্রাম পঞ্চায়েত এলাকা।
ইতিমধ্যেই নদীগর্ভে তলিয়ে গিয়েছে শতাধিক ঘরবাড়ি ও কৃষি জমি। পাড় বাঁধের দাবিতে দীর্ঘ আন্দোলন করেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ।
আর এই অবস্থায় অবৈধভাবে নদী খননের ফলে নদী ভাঙ্গনের আশঙ্কা আরও বাড়িয়েছে। এনিয়ে মুখ খুললেই কারবারিদের হুমকির মুখে পড়তে হয় বলে দাবি স্থানীয়দের।

