নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: শুক্রবার ১,মে :: গতকালের ঝড়-বৃষ্টির কারণে এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। এর প্রতিবাদে বৃহস্পতিবার আসানসোলের আশ্রম মোড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।
এদিনের পথ অবরোধে সামিল ছিলেন আসানসোল পৌরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ সদস্য তথা তৃণমূল নেতা রবিউল ইসলাম। পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ। এলাকাবাসীদের অভিযোগ, গতকাল বিকেল থেকে ঝড়-বৃষ্টির কারণে এলাকায় বিদ্যুৎ নেই।
এখনও পর্যন্ত বিদ্যুৎ দফতরের পক্ষ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। সেই কারণেই প্রতিবাদ স্বরূপ এদিন পথ অবরোধ করা হয়। প্রদর্শনকারীদের দাবি, যতক্ষণ পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হবে, ততক্ষণ পর্যন্ত তাদের এই অবরোধ চলবে।

