নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মুর্শিদাবাদ :: বুধবার ৫,আগস্ট :: একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও রাজ্যে এখনও রয়ে গেছে বাম আমলের মোরাম রাস্তা! এমনই এক চরম দুর্ভোগের ছবি সামনে এলো মুর্শিদাবাদ জেলা নবগ্রাম ব্লকের গুড়া গ্রামে।
পিচ বা ঢালাই রাস্তা তো দূরের কথা, আজও মোরামের রাস্তাতেই ভরসা করতে হচ্ছে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের গুড়া পাঁশলা অঞ্চলের গুড়া দিঘির পাহাড় এলাকার মানুষকে।
স্থানীয়দের অভিযোগ, এই রাস্তাটি প্রায় সিপিএম আমলের। দীর্ঘ বছর কেটে গেলেও রাস্তা সংস্কারের কোনো উদ্যোগই নেয়নি প্রশাসন।
ফলে প্রতিদিন যাতায়াতের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে ছোট ছোট স্কুল ছাত্র-ছাত্রী থেকে শুরু করে এলাকাবাসীদের।
গ্রামবাসীদের দাবি, ২০২০-২০২১ অর্থবর্ষে এই রাস্তা ঢালাইয়ের জন্য সামান্য কাজ হয়েছিল। হরেরাম প্রধানের বাড়ি থেকে লতিকা হালদারের বাড়ি পর্যন্ত মাত্র ১০০ মিটার রাস্তা ঢালাই করা হয়, যার বরাদ্দ ছিল ৩ লক্ষ ৩৯ হাজার ৩৮০ টাকা।
কিন্তু ওই সামান্য টুকরো কাজটুকুই শেষ। বাকি দীর্ঘ রাস্তা আজও সেই ভাঙাচোরা মোরামেই পড়ে রয়েছে।এই এলাকাতেই পুজো থেকে শুরু করে নানা সাংস্কৃতিক উৎসব পালন করা হয়। উৎসবের দিনগুলিতে দূর-দূরান্ত থেকে মানুষ আসেন।
কিন্তু রাস্তার যা বেহাল দশা, তাতে উৎসবের আনন্দ উপভোগ করা তো দূরের কথা, যেকোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কায় থাকেন সাধারণ মানুষ। ঢালাই রাস্তার দাবিতে এখন সরব গুড়া দিঘির পাহাড় এলাকাবাসী।
এখন দেখার, এই খবর সম্প্রচারিত হওয়ার পর জেলা প্রশাসন বা স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষের ঘুম ভাঙে কিনা। কবে এই এলাকার মানুষ ও স্কুলপড়ুয়ারা একটা ভালো রাস্তা পাবেন, সেদিকেই নজর থাকবে আমাদের।

