সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: বুধবার ১৬,সেপ্টেম্বর :: সাতসকালে জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা। মোটরবাইক ও সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক মহিলার। গুরুতর আহত তাঁর স্বামী ও ১৬ বছরের ছেলে।
বুধবার সকালে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানার ১১৭ নম্বর জাতীয় সড়কের কেল্লার মোড় এলাকায়। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে একটি মোটরবাইকে চেপে তিনজন ডায়মন্ড হারবারের দিকে যাচ্ছিলেন। বাইকে ছিলেন একই পরিবারের সদস্য—মুর্শিদ শেখ (৪২), তাঁর স্ত্রী এসমোতারা বিবি(৩৯) এবং তাঁদের ১৬ বছরের ছেলে মশিকুল শেখ।
কেল্লার মোড়ের কাছে পৌঁছতেই তাঁদের বাইকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ওই বাসটি রামগঙ্গার দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের দাবি, সংঘর্ষের অভিঘাত ছিল অত্যন্ত তীব্র। বাইকে থাকা তিনজনই রাস্তায় ছিটকে পড়েন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাঁদের। স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধারের চেষ্টা শুরু করেন। খবর দেওয়া হয় ডায়মন্ড হারবার থানায়।
তবে ততক্ষণে দুর্ঘটনায় গুরুতর জখম এসমোতারা বিবির মৃত্যু হয় বলে জানা যায়। তাঁর স্বামী মুর্শিদ শেখ এবং ছেলে মশিকুল শেখও গুরুতর আহত হন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশের তৎপরতায় আহত দু’জনকে দ্রুত উদ্ধার করে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের চিকিৎসা চলছে।

