কয়েকশো গাঁজার গাছ কেটে পুড়িয়ে দিলো রানিতলা থানার পুলিশ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শুক্রবার ৭,আগস্ট :: মুর্শিদাবাদ জেলার রানিতলা থানার উদ্যোগে অবৈধ মাদক চাষের বিরুদ্ধে বড়োসড়ো অভিযান চালানো হল। রানিতলা থানার ভারপ্রাপ্ত ওসি উজ্জ্বল বিশ্বাস-এর নেতৃত্বে এবং থানার এসআই হালিম বিশ্বাস-এর তত্ত্বাবধানে বিশেষ পুলিশি অভিযান পরিচালিত হয় খোরদীকীপাড়া এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে রানিতলা থানার পুলিশ। অভিযানের সময় খোরদীকীপাড়া এলাকার বিভিন্ন স্থান থেকে কয়েকশো গাঁজার গাছ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাছগুলি কেটে নষ্ট করার পাশাপাশি আইনানুগ প্রক্রিয়া মেনে সেগুলি পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ প্রসঙ্গে রানিতলা থানার ভারপ্রাপ্ত ওসি উজ্জ্বল বিশ্বাস জানান, এলাকার যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে দূরে রাখতে এবং সমাজে সুস্থ পরিবেশ বজায় রাখতেই এই বিশেষ অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতেও অবৈধ মাদক চাষ ও পাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি স্পষ্ট বার্তা দেন।

পুলিশের এই অভিযানে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও সাধারণ মানুষের একাংশ পুলিশের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। স্থানীয়দের মতে, এ ধরনের ধারাবাহিক অভিযান মাদক বিরোধী লড়াইকে আরও শক্তিশালী করবে এবং যুব সমাজকে সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

রানিতলা থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ মাদক সংক্রান্ত যেকোনও তথ্য পেলে সাধারণ মানুষকে দ্রুত থানায় জানানোর আহ্বান জানানো হচ্ছে। পুলিশের দাবি, সমাজকে মাদকমুক্ত করতে প্রশাসন ও সাধারণ মানুষের যৌথ উদ্যোগই সবচেয়ে বড় শক্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =