সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: বুধবার ৬,মে :: কোচবিহার জেলায় তীব্র রাজনৈতিক উত্তেজনার আবহে নতুন করে চাঞ্চল্য ছড়াল তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা ও প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে ঘিরে।
অভিযোগ উঠেছে, সম্ভাব্য অশান্তি ও নিরাপত্তা জনিত আশঙ্কার মধ্যে তিনি নাকি সপরিবারে এলাকা ছেড়ে পালিয়েছেন, তাও আবার বোরখা পরে ছদ্মবেশে।
স্থানীয় সূত্রে দাবি, গত ভোররাতে হঠাৎ করেই উদয়ন গুহর বাসভবনে অস্বাভাবিক নড়াচড়া লক্ষ্য করা যায়। কিছুক্ষণের মধ্যেই পরিবারের সদস্যদের নিয়ে একটি এম্বুলেনস করে তাঁকে বেরিয়ে যেতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, পরিবারের সদস্যরা বোরখা পরে ছিলেন, যাতে সহজে চেনা না যায়।
তবে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বিরোধী শিবিরের অভিযোগ, এলাকায় ক্রমবর্ধমান জনরোষ ও রাজনৈতিক চাপের মুখে পড়েই এই সিদ্ধান্ত নিয়েছেন প্রাক্তন মন্ত্রী। তাদের বক্তব্য, “এটি স্পষ্টভাবে মানুষের আস্থা হারানোর ফল।”
অন্যদিকে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব এই অভিযোগ সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, “এটি সম্পূর্ণ ভুয়ো ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচার। উদয়ন গুহ কোথাও পালিয়ে যাননি। তিনি সম্পূর্ণ নিরাপদে রয়েছেন এবং নিয়মিত দলীয় কাজকর্মে যুক্ত আছেন।”
প্রশাসনের পক্ষ থেকেও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ মেলেনি। পুলিশ সূত্রে জানানো হয়েছে, “এমন কোনো ঘটনার নির্ভরযোগ্য তথ্য আমাদের কাছে নেই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আবহে এই ধরনের খবর বা গুজব দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। ফলে সত্যতা যাচাই না করে কোনো সিদ্ধান্তে পৌঁছনো উচিত নয় বলেই মত তাঁদের।
ঘটনার সত্যতা নিয়ে ধোঁয়াশা থাকলেও, কোচবিহারের রাজনীতিতে এই অভিযোগ নতুন করে বিতর্কের ঝড় তুলেছে। এখন নজর প্রশাসনের তদন্ত ও সংশ্লিষ্ট পক্ষের পরবর্তী পদক্ষেপের দিকে।

