জাকির আলী :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: শনিবার ১৫,আগস্ট :: ভারত মাতা সেবা সমিতির উদ্যোগে বিগত প্রায় ২০ বছর ধরে মহাসমারোহে পালিত হয়ে আসছে ভারত মাতা পুজো।
প্রতিবছরের মতো এবারও চুঁচুড়ার বিধায়ক তথা ভারত মাতা সেবা সমিতির প্রধান পৃষ্ঠপোষক সুবীর নাগের উদ্যোগে আয়োজিত হল ভারত মাতা পুজোর উদ্বোধনী অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার। উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগীতশিল্পী লোপামুদ্রা মিত্র। অনুষ্ঠানের কিছুক্ষণ পর মঞ্চে এসে উপস্থিত হন হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।
মঞ্চে উপস্থিত সকল অতিথিকে সংবর্ধনা জানানো হয়। তাঁদের হাতে সংবর্ধনা তুলে দেন ভারত মাতা সেবা সমিতির প্রধান পৃষ্ঠপোষক তথা চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ।
শিল্পী লোপামুদ্রা মিত্র বলেন এই প্রথম ভারত মাতা সেবা সমিতির অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছি আমার প্রথম যে অ্যালবাম তৈরি করা হয়েছিল সেই অ্যালবাম বন্দেমাতরম আজ এই অনুষ্ঠানে এসে হয়তো আমার সেই অ্যালবামের নাম আজ সার্থক হতে চলেছে।
অনুষ্ঠান মঞ্চ থেকে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, মানুষের জন্য কাজ করতেই তিনি রাজনীতিতে এসেছেন। মানুষের সঙ্গে থেকে, মানুষের পাশে থেকে কাজ করাই তাঁর মূল লক্ষ্য। রাজনীতির ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের জন্য কাজ করার বার্তাও দেন তিনি।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রচনা বন্দ্যোপাধ্যায় জানান, নতুন সরকার আসায় উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে কিছুটা সুবিধা হবে বলে তিনি আশাবাদী। তাঁর দাবি, আগের সরকারের আমলে কেন্দ্রের কাছ থেকে প্রয়োজনীয় অর্থ পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা হচ্ছিল। বর্তমানে সেই সমস্যা অনেকটাই মিটবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গে রচনা বলেন, গত দু’বছরে রাজনীতির ময়দানে এসে তিনি অনেক কিছু শিখেছেন। পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর চলচ্চিত্র জগতের পুরনো সম্পর্কের কথাও উল্লেখ করেন তিনি। রচনা জানান, সম্ভবত সেই পরিচয়ের কারণেই তাঁকে হুগলি লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করার কথা ভাবা হয়েছিল।
ভারত মাতা পুজোর উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে এদিন চুঁচুড়ায় ছিল উৎসবের আবহ। রাজনৈতিক ও সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি বিশেষ মাত্রা পায়।

