জাতীয় সড়কে অবৈধ টাকা তোলার অভিযোগে ধৃত ৫ আদালতে, পুলিশের ভূমিকা নিয়ে উঠল বড় প্রশ্ন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ডালখোলা :: রবিবার ২৬,জুলাই ::উত্তর দিনাজপুরের ইসলামপুর পুলিশ জেলার অধীন ১২ নম্বর জাতীয় সড়কে অবৈধভাবে টাকা তোলার অভিযোগে গ্রেপ্তার পাঁচ অভিযুক্তকে রবিবার ইসলামপুর মহকুমা আদালতে পেশ করল ডালখোলা থানার পুলিশ।

এই ঘটনায় কর্তব্যে গাফিলতি এবং অসাধু চক্রকে মদত দেওয়ার অভিযোগে রাজ্য সরকার তিন পুলিশ কর্মীকে বরখাস্ত করেছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত ও শাস্তিমূলক পদক্ষেপও শুরু হয়েছে।

তবে এই পদক্ষেপে সন্তুষ্ট নন ধৃতদের পরিবারের সদস্যরা। তাদের দাবি, পুলিশের মদত ছাড়া দীর্ঘদিন ধরে জাতীয় সড়কে লরি দাঁড় করিয়ে অবৈধভাবে টাকা তোলা সম্ভব নয়। শুধুমাত্র পাঁচজনকে গ্রেপ্তার করে দায় এড়ানো যাবে না বলেও অভিযোগ তাদের।

পরিবারের সদস্যদের প্রশ্ন, যখন তিন পুলিশ কর্মীর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ স্বীকার করে বরখাস্ত করা হয়েছে, তখন তাদের বিরুদ্ধে কেন ফৌজদারি মামলা করা হচ্ছে না? কেন আইনের আওতায় আনা হবে না সংশ্লিষ্ট পুলিশ কর্মীদের? এই প্রশ্নই এখন উঠে আসছে গোটা ঘটনাকে ঘিরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =