তেলেঙ্গানায় আয়ের সঙ্গে অ-সামঞ্জস্যপূর্ণ ৩০০ কোটির সম্পত্তির অভিযোগে গ্রেফতার ডিএসপি ভীম রেড্ডি নিজের ইব্রাহিমবাগের বিলাসবহুল বাড়ি থেকেই গ্রেফতার করল দুর্নীতি দমন ব্যুরো

জাকির আলী :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক :: মঙ্গলবার ৭,জুলাই :: তেলেঙ্গানার পুলিশ বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক, ডিএসপি সঙ্কিরেড্ডি ভীম রেড্ডিকে আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ প্রায় ৩০০ কোটি টাকার সম্পত্তি রাখার অভিযোগে গ্রেফতার করেছে তেলেঙ্গানা অ্যান্টি-করাপশন ব্যুরো ।

সোমবার সন্ধ্যায় হায়দরাবাদের ইব্রাহিমবাগ এলাকার ভেসেলা মেডোজে অবস্থিত তাঁর বিলাসবহুল বাসভবন থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

এসিবি সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে ভীম রেড্ডি, তাঁর আত্মীয়, ঘনিষ্ঠ সহযোগী এবং সন্দেহভাজন বেনামিদারদের মোট ১৬টি ঠিকানায় একযোগে তল্লাশি চালানো হয়। সেই তল্লাশিতেই বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পত্তির হদিস মেলে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০০ কোটি টাকা।

তদন্তকারীদের দাবি, উদ্ধার হওয়া সম্পত্তির মধ্যে রয়েছে একাধিক বিলাসবহুল ভিলা, বহুতল আবাসন, ফ্ল্যাট, বাণিজ্যিক ভবনে অংশীদারিত্ব, তেলেঙ্গানা ও কর্ণাটকে বিস্তীর্ণ কৃষিজমি, মূল্যবান প্লট এবং বিভিন্ন সংস্থায় বিনিয়োগ।

এছাড়াও তল্লাশিতে প্রায় ৪৩ লক্ষ টাকার বেশি নগদ অর্থ, প্রায় ২ কেজি সোনার গয়না, ২০ কেজি রুপোর সামগ্রী এবং বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথিও উদ্ধার হয়েছে।

এসিবি আরও জানিয়েছে, ভীম রেড্ডি দীর্ঘ চাকরিজীবনে দুর্নীতি ও অবৈধ উপায়ে এই বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

তদন্তে একটি ব্যক্তিগত ডায়েরি ও হোয়াটসঅ্যাপে সংরক্ষিত নথিও গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে সামনে এসেছে, যেখানে তাঁর সম্পত্তি, বিনিয়োগ এবং বেনামিদারদের সম্পর্কিত তথ্য ছিল বলে অভিযোগ।

মঙ্গলবার তাঁকে বিশেষ এসিবি আদালতে পেশ করা হয়। আদালত তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। তদন্তকারীদের মতে, এটি তেলেঙ্গানার ইতিহাসে কোনো পুলিশ আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অন্যতম বৃহত্তম মামলা। এখনও সম্পদের উৎস, সম্ভাব্য বেনামি লেনদেন এবং অর্থপাচারের দিকগুলি খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =