নাবালকদের টাকা দেখিয়ে রক্তদান করানোর অভিযোগে মূল কান্ডারী কিংশুক মুখার্জি গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শুক্রবার ১৪,আগস্ট :: নাবালক ছাত্রদের আর্থিক প্রলোভন দেখিয়ে রক্তদান করানোর অভিযোগে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করল দুর্গাপুর থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় মূল কান্ডারী হিসেবে উঠে আসা কিংশুক মুখার্জিকে ওড়িশার ভুবনেশ্বর থেকে গ্রেফতার করা হয়েছে।

অভিযোগ, দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ইস্পাত নগরীর একটি বেসরকারি স্কুলের কয়েকজন নাবালক ছাত্রকে নিয়ে গিয়ে রক্তদান করানো হয়।

এর বিনিময়ে তাদের টাকা দেওয়ার প্রলোভন দেখানো হয়েছিল বলে অভিযোগ। বিষয়টি প্রকাশ্যে আসার পর দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।

তদন্তে প্রথমে উঠে আসে ওই স্কুলের প্রাক্তন ছাত্র দেবপ্রিয় চক্রবর্তীর নাম। অভিযোগ, বিভিন্ন আর্থিক প্রলোভন দেখিয়ে নাবালক ছাত্রদের হাসপাতালে নিয়ে যাওয়ার কাজে সে যুক্ত ছিল। জিজ্ঞাসাবাদে দেবপ্রিয় পুলিশকে জানায়, অন্যদের মাধ্যমে তাকে এই কাজে যুক্ত করা হয়েছিল বলে দাবি তদন্তকারীদের।

এরপর তদন্তে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য অমিত প্রসাদ যাদব এবং মালদহের বাসিন্দা মহম্মদ হাবিবুল্লাহর নামও উঠে আসে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে তদন্তের গতিপথ আরও বদলে যায় কিংশুক মুখার্জির নাম সামনে আসার পর।

পুলিশ সূত্রে দাবি, কিংশুকের বাড়ি দুর্গাপুরের বিধাননগরে হলেও ঘটনার পর সে ওড়িশায় গা-ঢাকা দিয়েছিল। এরপর ওড়িশায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে দুর্গাপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 7 =