নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ২৬,জুলাই :: রাস্তার পাশে উপচে পড়া জঞ্জালের পাহাড়, সামান্য বৃষ্টিতেই জলমগ্ন চারিপাশ, আর ড্রেনের ভিতর দিয়ে যাওয়া পাইপলাইন থেকে বেরোচ্ছে পোকাযুক্ত জল— এমনই করুণ পরিস্থিতির শিকার ঐতিহ্যবাহী বর্ধমান শহরের বাসিন্দারা।
পৌরসভা এলাকাজুড়ে নাগরিক পরিষেবার চরম বেহাল দশা নিয়ে এখন চরম ক্ষোভের মুখে সাধারণ মানুষ। সমস্যা সমাধান না হওয়ায় অবশেষে ক্ষোভে ফেটে পড়ে রাজপথে নামতে বাধ্য হচ্ছেন শহরবাসী। জঞ্জাল ও নিকাশি সমস্যায় জেরবার শহর।
শহরের অলিগলি থেকে শুরু করে মূল রাস্তা— সর্বত্রই যেন এক একটি স্থায়ী ‘ভ্যাট’-এ পরিণত হয়েছে। নিয়মিত সাফাই না হওয়ায় ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ, বাড়ছে মশা-মাছির উপদ্রব।
কেবল জঞ্জালই নয়, আলো না থাকায় সন্ধ্যার পর শহরের বহু রাস্তা ঢেকে যাচ্ছে অন্ধকারে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, “একটু বৃষ্টি হলেই ড্রেন উপচে জল জমে যাচ্ছে রাস্তায়।
তার ওপর ড্রেনের ভিতর দিয়ে নিয়ে যাওয়া হয়েছে পানীয় জলের পাইপ। সেই জল থেকে মাঝে মধ্যেই বেরোচ্ছে পোকা। এই জল খেয়ে যেকোনো সময় বড়সড় রোগব্যাধি ছড়িয়ে পড়তে পারে। কোথায় প্রতিনিধিরা? প্রশ্ন সাধারণ মানুষের।
পৌরসভার দায়িত্বে তৃণমূল কংগ্রেস থাকলেও, বাসিন্দাদের দাবি— সমস্যা সমাধানের জন্য জনপ্রতিনিধি বা প্রাক্তন কাউন্সিলরদের কাছে পেয়েও কোনো স্থায়ী সুরাহা মিলছে না। বকেয়া পৌর নির্বাচনের মুখ চেয়ে দিন গুনছেন বাসিন্দারা।
তাঁদের প্রশ্ন, ভোট কি তবে ডিসেম্বরেই হবে? আর ভোট হলেই কি রাতারাতি বদলে যাবে এই দুর্বিষহ পরিস্থিতি?

