সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ড হারবার :: বৃহস্পতিবার ২৭,আগস্ট :: নেপালে প্রাকৃতিক বিপর্যয়ের পর থেকেই নিখোঁজ দক্ষিণ ২৪ পরগনার সরিষার বাসিন্দা তথা ক্যানিংয়ের তালদি সুরবালা গার্লস হাই স্কুলের শিক্ষিকা কেয়া প্রামাণিক। প্রিয়জনের কোনও খোঁজ না মেলায় গভীর উদ্বেগে দিন কাটাচ্ছে তাঁর পরিবার।
জানা গিয়েছে, গত ২১ তারিখ কলকাতার একটি সংস্থার চলে যাই এর সাথে তিন সদস্যের একটি দলের হয়ে নেপালের উদ্দেশে রওনা দিয়েছিলেন কেয়া প্রামাণিক। নেপাল সফরের অন্যতম উদ্দেশ্য ছিল মানস সরোবর এলাকায় ট্রেকিং করা। গত ২৪ তারিখ পরিবারের সদস্যদের সঙ্গে শেষবার কথা হয় তাঁর।
এরপর নেপালে দুর্ঘটনা ও প্রাকৃতিক বিপর্যয়ের খবর পাওয়ার পর থেকেই তাঁর সঙ্গে আর কোনওভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। গত ২৬ তারিখ পরিবারের কাছে কেয়ার নিখোঁজ থাকার খবর পৌঁছয়। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি বিশেষ আগ্রহ ছিল কেয়ার।
পাহাড় ও অ্যাডভেঞ্চারের প্রতি তাঁর আকর্ষণও ছিল প্রবল। সেই শখের বশেই নেপাল সফরে গিয়েছিলেন তিনি। কিন্তু সফরের মাঝেই প্রাকৃতিক বিপর্যয় পরিবারের সমস্ত আনন্দকে পরিণত করেছে উৎকণ্ঠায়। কেয়ার নিখোঁজের খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ তৈরি হয়েছে তাঁর পরিচিত মহলেও।
ইতিমধ্যেই পরিবারের পাশে দাঁড়িয়েছেন ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকের মণ্ডল সভাপতি উত্তম বাগ। পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে প্রশাসনিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। দ্রুত প্রশাসনের মাধ্যমে কেয়া প্রামাণিকের সন্ধান পাওয়ার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন উত্তম বাগ।
নিখোঁজ শিক্ষিকার দ্রুত সন্ধান মিলবে—এই আশায় এখন প্রশাসনের দিকে তাকিয়ে রয়েছে কেয়ার পরিবার।

