বকখালিতে বেড়াতে এসে সমুদ্রস্নানে নেমে বড়সড় বিপত্তি! উত্তাল ঢেউয়ের তোড়ে তলিয়ে যাওয়া পর্যটককে উদ্ধার করল সিভিল ডিফেন্স কর্মীরা

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ড হারবার :: বৃহস্পতিবার ২৭,আগস্ট :: প্রশাসনের কড়া সতর্কতা উপেক্ষা করে উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে ভাটার টানে তলিয়ে যাচ্ছিলেন এক পর্যটক।

তবে সিভিল ডিফেন্স কর্মীদের তৎপরতায় এবং প্রায় ২০ মিনিটের রুদ্ধশ্বাস লড়াইয়ের পর নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেলেন এক পর্যটক।

বুধবার দুপুরে নাগাদ এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র বকখালিতে। প্রশাসন সূত্রে জানা যায়, গতকাল উত্তর ২৪ পরগনা থেকে ৮ জনের একটি পর্যটকের দল বকখালিতে বেড়াতে আসেন এবং সমুদ্রে স্নানে নামেন।

সমুদ্র উত্তাল থাকায় সিভিল ডিফেন্সের পক্ষ থেকে বারবার মাইকিং করে তাঁদের দূরে যেতে নিষেধ করা হয়েছিল। প্রশাসনের নজর এড়িয়ে ওই দলেরই উদয় বৈরাগ্য (৫৩) নামের এক পর্যটক গভীর জলের দিকে চলে যান।

সেই সময় সমুদ্রে ভাটা চলছিল। আচমকাই ভাটার টানে তিনি অনেকটা দূরে তলিয়ে যেতে থাকেন। পরিস্থিতি নাগালের বাইরে যাচ্ছে বুঝতে পেরে প্রাণভয়ে হাত নেড়ে আর্তনাদ করতে শুরু করেন তিনি।

বিষয়টি নজরে আসা মাত্রই এক মুহূর্ত দেরি না করে ওই পর্যটককে উদ্ধারের প্রস্তুতি নেয় সিভিল ডিফেন্সের কর্মীরা। সমুদ্র ব্যাপকভাবে উত্তাল থাকায় উদ্ধারকাজে প্রবল বেগ পেতে হয় তাঁদের।

প্রায় ২০ মিনিটের চেষ্টার পর অবশেষে ওই পর্যটককে উদ্ধার করে পাড়ে নিয়ে আসা হয়। জলে হাবুডুবু খেয়ে ওই পর্যটক ততক্ষণে বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন। সৈকতে এনেই সিভিল ডিফেন্স কর্মীরা তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। অসুস্থ পর্যটককে উদ্ধার করে সোজা থানায় নিয়ে যাওয়া হয়। সিভিল ডিফেন্স কর্মীদের এই তৎপরতা না থাকলে বেড়াতে এসে বকখালিতে প্রাণহানির ঘটনা ঘটতে পারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − eight =