পাণ্ডবেশ্বরে তৃণমূল নেতা রামচরিত্র পাসওয়ান গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পাণ্ডবেশ্বর :: মঙ্গলবার ১৯,মে :: পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় সোমবার সন্ধ্যায় পুলিশের অভিযানের পর রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

ছোড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা রামচরিত্র পাসওয়ানকে অবৈধ তোলাবাজি ও সাধারণ মানুষকে ভয় দেখানোর অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে। রামচরিত্র পাসওয়ানকে তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী-র ঘনিষ্ঠ বলে মনে করা হয়।

পুলিশি অভিযানের খবর ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে জোর চর্চা শুরু হয়। রাজনৈতিক মহলেও ঘটনাকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় সূত্রের দাবি, দীর্ঘদিন ধরেই এলাকায় অবৈধ তোলাবাজি ও চাপ সৃষ্টি করার অভিযোগ উঠছিল।

সেই অভিযোগের ভিত্তিতেই সোমবার সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। যদিও পুরো ঘটনার বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও বিস্তারিত কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি।

ঘটনার পর বিরোধী দলগুলি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং শাসকদলের নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। অন্যদিকে তৃণমূল সমর্থকদের বক্তব্য, আইন আইনের পথেই চলছে এবং তদন্তের পর প্রকৃত সত্য সামনে আসবে।

বর্তমানে গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। পুলিশের পরবর্তী পদক্ষেপের দিকেই নজর রয়েছে সকলের। মঙ্গলবার ধৃত তৃণমূল নেতাকে আদালতে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × two =