নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: বৃহস্পতিবার ১৭,সেপ্টেম্বর :: পুরনো বিবাদের জেরেই নাবালিকা ছাত্রীকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল পূর্ব বর্ধমান জেলার কালনার নাদনঘাট থানা এলাকায়। ঘটনায় এক নাবালক সহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, বিবাদটা কয়েক বছর ধরেই চলছিল। তারই পরিণতি চরম জায়গায় পৌঁছাল। নাদনঘাট থানার প্রত্যন্ত একটি গ্রামে বাড়ি থেকে কিছুটা দূরে পড়তে গিয়ে আচমকা নিখোঁজ হয়ে যায় দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রী। পরিবারের অভিযোগ, এলাকারই এক নাবালক একটি গল্প তৈরি করে।
সে জানায়, ওই ছাত্রীকে কেউ একজন মোটরবাইকে করে তুলে নিয়ে গেছে। এরপর হন্যে হয়ে খুঁজেও প্রথমে তাকে পাওয়া যায়নি। পরে দুপুরের পর খড়ি নদীতে ওই ছাত্রীর মৃতদেহ ভাসতে দেখেন এলাকার বাসিন্দারা। খবর পেয়ে নাদনঘাট থানার পুলিশ প্রথমে ওই নাবালক এবং তার বাবাকে আটক করে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, তারাই ওই ছাত্রীকে খুনের পিছনে রয়েছে। এরপরই দুজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের অনুমান, খুনের পর দেহ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দুর্গাপুর থেকে আসা ফরেনসিক দল।
তারা ঘটনাস্থলে পড়ে থাকা ছাত্রীর ব্যাগ, জুতো সহ অন্যান্য নমুনা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন। ঘটনাস্থলে হাজির ছিল নাদনঘাট থানার বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী। এই ঘটনায় এলাকা জুড়ে থমথমে পরিবেশ, নেমে এসেছে শোকের ছায়া।

