নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শীতলকুচি :: রবিবার ১৪,জুন :: শীতলকুচি অঞ্চলের পূর্ব শীতলকুচি রাজারবাড়ি এলাকায় এক তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনাটি শীতলকুচি অঞ্চলের ২৪২ নম্বর বুথ এলাকায়।
গ্রামবাসীদের অভিযোগ, এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা বলে পরিচয় দিয়ে বিভিন্ন সময় ভয়-ভীতি দেখিয়ে তাঁদের কাছ থেকে টাকা আদায় করেছেন শ্যামল বর্মন।
শুধু তাই নয়, বাংলা আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নাম করে একাধিক মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগও তোলেন তাঁরা।
এছাড়াও গ্রামবাসীদের দাবি, বিভিন্ন সালিশি সভার আয়োজন করে সঠিক বিচার না করে উভয় পক্ষের কাছ থেকেই মোটা অঙ্কের টাকা আদায় করা হয়েছে।
দীর্ঘদিন ধরে এই ধরনের ঘটনার প্রতিবাদে রবিবার ওই নেতার বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারীরা অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
যদিও এই অভিযোগের বিষয়ে তৃণমূল নেতা শ্যামল বর্মনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তিনি বাড়িতে না থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তাঁর স্ত্রী জানান, “আমার স্বামী বাড়িতে নেই।
বিষয়টি তাঁকে জানানো হবে। আমরা কারও টাকা নিইনি। যদি কারও টাকা নেওয়া হয়ে থাকে, তাহলে তা ফেরত দেওয়া হবে।”
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন শীতলকুচি থানার পুলিশ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযোগ গুলির সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

