ফলতা বিধানসভা কেন্দ্র আবারও অগ্নিগর্ভ – জনতা তাকিয়ে কমিশনের দিকে

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ফলতা :: রবিবার ৩,মে :: দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্র আবারও উত্তপ্ত। ভোটের পর থেকেই রাজনৈতিক সংঘাত, হামলা এবং পুনর্নির্বাচনের দাবিকে কেন্দ্র করে কার্যত অগ্নিগর্ভ হয়ে উঠেছে হাসিমনগর এলাকা।

বিজেপি সমর্থকদের অভিযোগ, তারা বিজেপিকে ভোট দেওয়ার ‘অপরাধে’ তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের হামলার মুখে পড়ছেন।

অনেকেই বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ফলতা বিধানসভা কেন্দ্র এমনিতেই এবারের নির্বাচনে শুরু থেকেই খবরের শিরোনামে। ভোটের আগে থেকেই এই কেন্দ্রে বারবার উত্তেজনার ঘটনা সামনে এসেছে।

তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করা, ভয় দেখানো এবং হুমকি দেওয়ার মতো একাধিক অভিযোগ তুলেছিল বিরোধীরা।

পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে, আইন-শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয় উত্তর প্রদেশের আইপিএস অফিসার অজয় পাল শর্মাকে।

‘সিংহম’ নামে পরিচিত এই আধিকারিকের কড়া বার্তা তখন যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছিল। ভোটগ্রহণ পর্ব শেষ হলেও বিতর্ক থামেনি। বরং পুনর্নির্বাচনের দাবি ঘিরে আরও তীব্র হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

বিভিন্ন সূত্রে ইঙ্গিত মিলছে, কমিশন নজিরবিহীন কোনও পদক্ষেপ করতে পারে। আইন অনুযায়ী, গণনার পরেও পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়ার ক্ষমতা রয়েছে কমিশনের। সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আবার এমনও শোনা যাচ্ছে, গণনার আগেই বা গণনার ঠিক আগের দিনও পুনর্নির্বাচন হতে পারে।

এমনকি রবিবারও রিপোল করানোর সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে প্রশাসনিক মহলে। তবে এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। এদিকে বিজেপির অভিযোগ সামনে আসার পর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

তাঁর নির্দেশেই পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর। নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপ কী হবে, তার দিকেই এখন তাকিয়ে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ সকলেই। সব মিলিয়ে, ফলতা বিধানসভা কেন্দ্র এখন কার্যত অগ্নিগর্ভ।

ভোট পরবর্তী হিংসা, সন্ত্রাসের অভিযোগ, ইভিএম নিয়ে বিতর্ক এবং পুনর্নির্বাচনের জল্পনা—সবকিছু মিলিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 6 =