নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার ৯,সেপ্টেম্বর :: ২০২৬ সালের বন্যায় ভূতনিতে প্রথম মৃত্যুর ঘটনা ঘটল জলে ডুবে। প্রাণ গেল এক তরতাজা যুবকের। এমনটাই দাবি স্থানীয় বাসিন্দাদের। ঘটনাটি ঘটেছে মালদার ভূতনি থানার অন্তর্গত দক্ষিণ চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের বাল্লীটোলা গ্রামে।
মৃতের নাম দ্বিজেন মন্ডল (৩২)। পেশায় কৃষক। মৃতের প্রতিবেশী ফুলকুমার মন্ডলের দাবী , বাড়ি থেকে কিছুটা দূরে থাকা কয়েকটি পাটের জাঁক জল থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাচ্ছিলেন তিনি। সেই সময়ই বিপত্তি ঘটে। বন্যার জলে তলিয়ে যান দ্বিজেন।
স্থানীয়রা দেখতে পেয়ে তৎক্ষণাৎ তল্লাশি শুরু করেন। পরে গ্রামবাসীরাই তাঁর দেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। খবর দেওয়া হয় ভূতনি থানার পুলিশ ও ব্লক প্রশাসনকে।
পরিবার সূত্রে জানা যায়, আর্থিকভাবে দুর্বল দ্বিজেন মন্ডলের বাড়িতে রয়েছে তিন নাবালক কন্যা। পরিবারের প্রধান উপার্জনকারীকে হারিয়ে বিপাকে পড়েছে গোটা পরিবার।
এই পরিস্থিতিতে সরকারি অনুদান ও সাহায্যের আবেদন জানিয়েছেন এলাকার মানুষজন। পুলিশ প্রশাসন বিষয়টি নিয়ে খোঁজখবর নিতে শুরু করেছে।
অন্যদিকে মানিকচক বিধানসভার বিধায়ক গৌড়চন্দ্র মন্ডল জানিয়েছে, দক্ষিণ চন্ডিপুরে একটি মৃত্যুর ঘটনা ঘটেছে, পুলিশ প্রশাসন তদন্ত শুরু করেছে। এই পরিবারের পাশে রাজ্য সরকার ও আমরা সব সময় আছি

