নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ১৮,এপ্রিল :: শনিবার চাঁচল-২ নম্বর ব্লকের ভাকরি অঞ্চলে ম্যারাথন বাইক র্যালি ও রোড-শোয়ের মাধ্যমে কার্যত ভোটপ্রচারে ঝড় তুললেন কংগ্রেস প্রার্থী মৌসম নূর ।
আত্মবিশ্বাসের সুর শোনা গিয়েছে মৌসম নূরের গলায়। তিনি বলেন, “ভাকরি অঞ্চলের মানুষের কাছ থেকে আমি অভূতপূর্ব সাড়া পেয়েছি। যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসেছেন, তাতে জয় নিয়ে আমি যথেষ্ট আশাবাদী।
মানুষ বুঝেছেন কংগ্রেস মানেই উন্নয়ন আর আবেগ, আর সেই আবেগই এবার মালতীপুরে ফিরে আসবে।” এদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভাকরি অঞ্চলের একের পর এক গ্রামে ঘুরে জনসংযোগ করেন মৌসম।
মালদার রূপকার প্রয়াত গনিখান চৌধুরীর ভাগ্নীকে একনজর দেখতে গ্রামগুলিতে মানুষের ঢল নামে। হুডখোলা গাড়িতে চেপে মৌসম গ্রামে ঢুকতেই স্থানীয় মহিলারা বাড়ির দোরগোড়ায় দাঁড়িয়ে হাত নেড়ে তাঁকে অভিবাদন জানান।
বহু জায়গায় উৎসাহী সাধারণ মানুষ ও কংগ্রেস কর্মীরা তাঁকে মালা পরিয়ে এবং করমর্দন করে শুভেচ্ছা বিনিময় করেন। হুডখোলা গাড়ি থেকেই গ্রামবাসীদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের অভাব-অভিযোগের কথা শোনেন তিনি। মৌসম নূর এই কেন্দ্রে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ।
