নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ২০,মে :: শিলিগুড়ি করিডর বা ‘চিকেন নেক’ বহুদিন ধরেই দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। কারণ, এই অংশ দিয়েই উত্তর-পূর্ব ভারতের ৮টি রাজ্যের সঙ্গে দেশের যোগাযোগ বজায় থাকে।
এলাকাটির একদিকে বাংলাদেশ, অন্যদিকে নেপাল থাকায় নিরাপত্তার দিক থেকেও এটি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। সরকার বদলের পর এবার এই এলাকাকে ঘিরে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার। রাজ্য সরকার প্রায় ১২০ একর জমি কেন্দ্রের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সরকারের দাবি, সীমান্তে নিরাপত্তা বাড়ানো, কাঁটাতারের বেড়া দেওয়া এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামো তৈরির জন্য এই জমি ব্যবহার করা হবে।
বিজেপির অভিযোগ, আগের তৃণমূল সরকার এই এলাকায় নিরাপত্তা সংস্থাগুলিকে পর্যাপ্ত সাহায্য করেনি। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, পুরো বিষয়টিকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। এর মধ্যেই আবার সামনে এসেছে শারজিল ইমামের পুরনো মন্তব্য।
২০২০ সালে দিল্লি দাঙ্গার মামলায় অভিযুক্ত শারজিল বলেছিলেন, ‘চিকেন নেক’ বন্ধ করে উত্তর-পূর্ব ভারতকে দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করা সম্ভব। সেই মন্তব্য নিয়ে তখন দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছিল।
বিজেপির দাবি, সেই কারণেই এই এলাকায় নিরাপত্তা আরও শক্তিশালী করা দরকার। সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিএসএফকে আরও সক্রিয় করা হবে বলেও জানানো হয়েছে।
শুধু ফেন্সিং নয়, এলাকায় ভূগর্ভস্থ রেল নেটওয়ার্ক তৈরির পরিকল্পনাও রয়েছে। সরকারের মতে, ভবিষ্যতে কোনও জরুরি পরিস্থিতি তৈরি হলে যাতে সেনাবাহিনীর যাতায়াত বন্ধ না হয়, সেই কারণেই এই পরিকল্পনা নেওয়া হচ্ছে।

