নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শালবনি :: বৃহস্পতিবার ১৬,এপ্রিল :: শালবনী বিধানসভা কেন্দ্রজুড়ে ক্রমশ তীব্রতর হচ্ছে নির্বাচনী লড়াই, আর সেই লড়াইয়ের ময়দানে জোরকদমে প্রচারে নেমেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্রীকান্ত মাহাতো।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিরলসভাবে একের পর এক এলাকায় ঘুরে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি।
প্রখর রোদ উপেক্ষা করেই মানুষের দোরগোড়ায় পৌঁছে সরাসরি কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গে, শুনছেন তাঁদের অভাব-অভিযোগ, পাশাপাশি তুলে ধরছেন রাজ্য সরকারের উন্নয়নের বার্তা ও ভবিষ্যৎ পরিকল্পনা।
বিশেষভাবে শালবনি ব্লকের অন্তর্গত ৫ নম্বর লালগেড়িয়া অঞ্চলে এদিন ব্যাপক প্রচার কর্মসূচি লক্ষ্য করা যায়। আস্লাবনী, মৌলবনি, বারোমেশা, কেন্দাশল সহ একাধিক গ্রামে পৌঁছে যান প্রার্থী। প্রতিটি এলাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার পরিবেশ তৈরি হয়।
প্রার্থীকে সামনে পেয়ে অনেকেই নিজেদের সমস্যার কথা সরাসরি জানান এবং দ্রুত সমাধানের আশাও ব্যক্ত করেন।
মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো, পাশাপাশি যুব সম্প্রদায়ও সক্রিয়ভাবে এই প্রচারে সামিল হয়। এদিনের প্রচার কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালানো, ভোটারদের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ স্থাপন, সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প যেমন—স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদির সুবিধা তুলে ধরা—এসবের মাধ্যমে প্রচারকে আরও কার্যকর করে তোলা হয়।
দলীয় পতাকা, ব্যানার এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। শ্রীকান্ত মাহাতো জানান, শালবনী এলাকা জুড়ে বিজেপি শুধু পতাকার ফেস্টুনে রয়েছে মাঠে ময়দানে তাদের খুঁজে পাওয়া যায় না। আমরা শুধু ভোট নয় সারা বছরই মানুষের পাশে থেকে জনসংযোগে থাকি।

