সাড়ে চার কেজি ওজনের কচ্ছপ উদ্ধার – তুলে দেওয়া হয় বনদপ্তরের হাতে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ফুলিয়া :: সোমবার ২৪,আগস্ট :: বিশাল আকারের কচ্ছপ দেখতে ভিড় এলাকাবাসীর। সাড়ে চার কেজি ওজনের বিশাল আকৃতির কচ্ছপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল নদিয়ার ফুলিয়ায়। স্থানীয়দের দাবি, এর আগে এত বড় কচ্ছপ তারা এলাকায় কখনও দেখেননি।

রাস্তা দিয়ে কচ্ছপটি পার হওয়ার সময় হঠাৎ এক স্থানীয়ের নজরে পড়ে। এরপর তড়িঘড়ি করে সেটিকে উদ্ধার করে নিরাপদে বাড়িতে নিয়ে যাওয়া হয়। খবর দেওয়া হয় বন দপ্তরকে। পরে বন দপ্তরের কর্মীরা এসে কচ্ছপটি উদ্ধার করে নিয়ে যান।ঘটনাটি নদিয়ার রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার অন্তর্গত নবলা গ্রাম পঞ্চায়েত এলাকার। কচ্ছপ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই সেটিকে দেখতে স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে যায়।

স্থানীয় বাসিন্দা সুকান্ত ঘোষ জানান, তাঁর ভাইপো রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পান একটি বিশাল আকারের কচ্ছপ রাস্তা পার হচ্ছে।

বিষয়টি নজরে আসতেই তিনি কচ্ছপটিকে উল্টে দিয়ে সযত্নে বাড়িতে নিয়ে আসেন। এরপর বনদপ্তরকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে কচ্ছপটি উদ্ধার করে নিয়ে যান। স্থানীয়দের বক্তব্য, এর আগেও ওই এলাকায় একাধিক কচ্ছপ দেখতে পাওয়া গিয়েছে।

তবে সেগুলির আকার এতটা বড় ছিল না। অনেক সময় কচ্ছপ দেখতে পেলে স্থানীয়রা সেগুলিকে গঙ্গায় ছেড়ে দিয়েছেন। কিন্তু এবার সাড়ে চার কেজি ওজনের কচ্ছপ দেখে রীতিমতো অবাক হয়ে যান তাঁরা। স্থানীয় বাসিন্দা রাজীব ঘোষ বলেন, কচ্ছপ ক্রমশ বিলুপ্ত হয়ে যাচ্ছে।

তাই উদ্ধার হওয়া কচ্ছপটিকে সুরক্ষিত রাখা এবং সংরক্ষণের জন্য বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর আবেদন, ভবিষ্যতে কেউ কোথাও কচ্ছপ দেখতে পেলে নিজেরা সেটিকে নিয়ে না গিয়ে বনদপ্তরকে খবর দেওয়া উচিত। বিশালাকার কচ্ছপ উদ্ধারের ঘটনায় নবলা এলাকায় ব্যাপক শোরগোল পরে যায় । কচ্ছপটিকে দেখতে উৎসুক মানুষের ভিড়ও জমে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × four =