নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জয়নগর :: বুধবার ১৩,মে :: দক্ষিণ ২৪ পরগনার সাহাযাদাপুর পঞ্চায়েতের হানার বাটি এলাকায় গভীর রাতে পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র, তাজা গুলি এবং বিপুল পরিমাণ বারুদ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে।
গোপন সূত্রে খবর পেয়ে বকুলতলা থানার ওসির নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে খইরুল গাজি নামে এক ব্যক্তিকে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে ১০ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই এলাকায় সন্দেহজনক গতিবিধির খবর আসছিল। এরই মধ্যে গোপন সূত্রে খবর আসে, হানার বাটি এলাকায় বড়সড় কোনও দুর্ঘটনা বা নাশকতার পরিকল্পনা করা হচ্ছে।
খবর পাওয়ার পরই তৎপর হয়ে ওঠে বকুলতলা থানার পুলিশ। পরিকল্পনা অনুযায়ী গতকাল গভীর রাতে এলাকায় অভিযান চালানো হয়।
পুলিশের একটি বিশেষ দল ধৃত খইরুল গাজির বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশি চলাকালীন বাড়ির ভেতর থেকে একটি বন্দুক, ১০ রাউন্ড তাজা গুলি এবং প্রায় ২ কেজি বারুদ উদ্ধার হয়।
উদ্ধার হওয়া সামগ্রী দেখে তদন্তকারীদের অনুমান, কোনও বড়সড় অপরাধমূলক কর্মকাণ্ডের প্রস্তুতি চলছিল। যদিও ঠিক কী উদ্দেশ্যে এই অস্ত্র ও বারুদ মজুত করা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
অভিযানের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। গভীর রাতে পুলিশের গাড়ি ও বাহিনী দেখে বহু মানুষ বাড়ির বাইরে বেরিয়ে আসেন। স্থানীয়দের একাংশের দাবি, এলাকায় সম্প্রতি কিছু অচেনা লোকজনের আনাগোনা বেড়েছিল। তবে এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়।
পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তদন্তকারীরা জানতে চাইছেন, উদ্ধার হওয়া অস্ত্র কোথা থেকে আনা হয়েছে এবং এর সঙ্গে কোনও বড় চক্র জড়িত রয়েছে কিনা। বারুদের উৎস নিয়েও তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি ধৃতের মোবাইল ফোন ও অন্যান্য নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।
বকুলতলা থানার ওসির নেতৃত্বে হওয়া এই অভিযানের পর এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ঘটনায় আরও কয়েকজনের নাম সামনে আসতে পারে। গোটা ঘটনার তদন্তে নেমেছে জেলা পুলিশের বিশেষ দলও।

