নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কুলটি :: মঙ্গলবার ২৮,জুলাই :: কুলটির নিয়ামতপুর এলাকায় ২৪ গ্রাম হেরোইন-সহ গ্রেপ্তার হওয়া ১০ বছরের সাজাপ্রাপ্ত মাদক কারবারি পাপ্পু আনসারিকে জিজ্ঞাসাবাদ করেই বড় সাফল্য পেল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে মুর্শিদাবাদের লালগোলায় বিশেষ অভিযান চালিয়ে হেরোইন পাচারচক্রের সঙ্গে যুক্ত দুই মাদক সেলারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৭ জুলাই নিয়ামতপুর এলাকায় পাপ্পু আনসারি ও তার স্ত্রীকে ২৪ গ্রাম হেরোইন-সহ গ্রেপ্তার করা হয়। পরে আসানসোল জেলা আদালতের নির্দেশে পাপ্পুকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হলে মাদক পাচারচক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে।
সেই সূত্র ধরেই গত ২২ জুলাই মুর্শিদাবাদের লালগোলায় অভিযান চালিয়ে মঞ্জুর আলী ও সাদ্দাম হুসেন নামে দুই হেরোইন সেলারকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের আসানসোল জেলা আদালতে তোলা হলে আদালত তাদেরও পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।
তদন্তকারীরা জানতে চেষ্টা করছেন, এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, কোথা থেকে হেরোইন সংগ্রহ করা হতো, কীভাবে পশ্চিম বর্ধমান-সহ বিভিন্ন জেলায় তা সরবরাহ করা হতো এবং এর পিছনে কোনও বড় আন্তঃজেলা বা আন্তঃরাজ্য মাদক পাচারচক্র সক্রিয় রয়েছে কি না।
পুলিশের দাবি, গোটা মাদক পাচার নেটওয়ার্ককে ভেঙে দিয়ে এর সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। তদন্তের স্বার্থে ধারাবাহিক অভিযান ও জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

